বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

reporter

বি এম শামীম

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:০২ অপরাহ্ণ


টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে তাঁরা দলের নিজ নিজ পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তাঁরা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ ও সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।

লিখিত বক্তব্যে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে বিএনপির পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁরা আরও জানান, দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার পাশাপাশি ভবিষ্যতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। তাঁদের এ সিদ্ধান্তের পেছনে কারও চাপ, প্ররোচনা বা প্রভাব নেই বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন তাঁরা।

একই ইউনিয়ন বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

বি এম শামীম / এমএসএম

Link Copied