
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলনে অভিযান, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদীর পাড় ধ্বংস করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং পরিবহন রোধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারজনকে আটক করে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বালুচর এলাকা থেকে একজন এবং কলাবাড়ী এলাকা থেকে তিনজনসহ মোট চারজনকে আটক করা হয়। তারা ধলাই নদীর পাড় ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সময় হাতেনাতে ধরা পড়েন।
আটক ব্যক্তিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে ধলাই ব্রিজ এলাকায় ইজারা বহির্ভূত স্থান থেকে উত্তোলিত বালু পরিবহনের সময় তিনটি ট্রাক আটক করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
নদী, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু-পাথর উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



















