
মান্দায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ণ

নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের নিচ মহানগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সকালে মোটরসাইকেলে করে চৌবাড়িয়া বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাগর হোসেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই সাগর হোসেন প্রাণ হারান।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখেই চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















