
বদলেছে সরকার, বদলায়নি সিন্ডিকেট: ওজোপাডিকোতে 'শফিক-গোরা' রাজত্ব
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ

বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) খুলনা প্রধান কার্যালয়ে একের পর এক ঠিকাদারি সিন্ডিকেট ও কমিশন বাণিজ্যের ঘটনা ঘটেই চলেছে। প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট ও স্টোর শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী) মো. শফিকুল ইসলাম দায়িত্বশীলপদে থেকে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে সরকারি মালামাল ছাড়, টেন্ডার নিয়ন্ত্রণ এবংআর্থিক সুবিধা নিচ্ছেন। জবাবদিহিতা না থাকায় তার লাগাম টেনে ধরছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযোগ রয়েছে, সম্প্রতি মো. শফিকুল ইসলাম ও ঠিকাদার আনোয়ারুল ইসলাম গোরা যশোরের দুটি উন্নয়নকাজে মাত্র ১ কোটি ৪৪ লাখ টাকার প্রাক্কলনের বিপরীতে স্টোর থেকে প্রায় ২০ কোটি টাকার সরকারি মালামাল ছাড় করিয়ে হাতিয়ে নিয়েছেন । এদিকে লুটপাটের বিষয়টি জানাজানি হওয়াতে শফিকুল ইসলাম ও ঠিকাদার আনোয়ারুল ইসলাম গোরা এখন প্রভাবশালী মহলে শুরু করেছেন দৌড়ঝাপ।
ওজোপাডিকোর একাধিক সূত্র জানিয়েছে, বিভিন্ন প্রকল্পে দায়িত্ব পালনের সময় শফিকুল ইসলাম ঠিকাদারদের মধ্যে প্রয়াত রকি, পলাশ ও গোরার কাছ থেকে বিপুল আর্থিক সুবিধা নিয়েছেন। পূর্বে তিনি এসকল ঠিকাদারদের কাধে ভর দিয়ে রাজনৈতিক পরিচয় দিতেন। এখন তিনি মন্ত্রনালয়ের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ব্যবহার করে ওজোপাডিকো নিজ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করছেন। অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে ঠিকাদারদের দিয়ে হুমকিও দেয়া হচ্ছে।
শফিকুল ইসলাম নিজেই সরাসরি কমিশন নির্ধারন করে ঠিকাদারদের কাছে থেকে তা আদায় করেন। এ প্রতিবেদকের হাতে আসা একাধিক রেকর্ড ও সংশ্লিষ্ট নথিতে অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অন্যদিকে,দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সংস্কারের দাবি জোরালো হলেও বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) তার কোনো ছাপ পড়েনি। দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলার বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাটিতে ঠিকাদারি সিন্ডিকেটের দৌরাত্ম্য কমেনি। এখনো খোলস বদলে চলছে লুটপাট। বিগত সরকারের আমলে দাপিয়ে বেড়ানো আলোচিত ‘রকি পলাশ’ সিন্ডিকেট এখন নতুন পরিচয়ে আরও বেপরোয়া ভূমিকায় রয়েছে।পুরোনো চক্রকে আড়ালে রেখে এবার টেন্ডার ও স্টোরের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছেন যশোরের প্রভাবশালী ঠিকাদার আনোয়ারুল হক গোরা। আর এই গোরার সাথে কমিশন চুক্তি ও ব্যবসায়ি চুক্তি রয়েছে প্রকৌশলী শফিকুল ইসলামের।
এ বিষয়ে প্রকিউরমেন্ট ও স্টোর শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত প্রধান
প্রকৌশলী) মো. শফিকুল ইসলাম বলেন, ঠিকাদার গোরা যে কাজটি পেয়েছে তার টেন্ডার প্রক্রিয়ার সাথে আমার সম্পৃক্ততা নেই। নিয়ম মেনে কার্যাদেশ দেয়া হয়েছে ও মালামাল সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত মালামাল দেয়ার কোন সুযোগ নেই। আমি কোন ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেই না।
ঠিকাদার আনোয়ারুল ইসলাম গোরা বলেন, ইজিপিতে টেন্ডার প্রতিযোগিতা করে কাজ পেয়েছি। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। কাজের চাহিদা অনুযায়ী বিভিন্ন গোডাউন থেকে মালামাল সংগ্রহ করা হয়েছে। প্রতিষ্ঠান নিয়ম মেনে সেসব মালামাল সরবরাহ করেছে। কাজের বাইরে মালামাল নেয়া হয়নি।
ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (পরিচালন) জ্যোতিষ চন্দ্র রায় বলেন, যেসব স্টোর থেকে মালামাল ঠিকাদারকে সরবরাহ করা হয়েছে সেখানে ঘাটতি দেখা দিলে ক্রয় করা হবে। নিয়মের মধ্যে থেকে ঠিকাদারকে মালামাল সরবরাহ করা হয়েছে। তবে কোন ধরনের অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।




















