বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ


ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মানিকগঞ্জগামী ‘নীলাচল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, কাভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে ওভারটেক করে আসছিল।
সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের কাচ ভেঙে এক নারী যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ছাড়া বাসের ভেতরে থাকা আরও অন্তত ১৯ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরিয়ে নিলে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এমএসএম / এমএসএম

Link Copied