বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

মোংলা ইপিজেডে বিনিয়োগ করবে দেশি কোম্পানি, কর্মসংস্থান হবে ৪৫০ জনের

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ


মোংলা ইপিজেডে বিনিয়োগ করবে দেশি কোম্পানি, কর্মসংস্থান হবে ৪৫০ জনের

বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৮.০৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনের কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ কারখানায় ৪৫০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাদের মধ্যে ৪৪৮ জনই বাংলাদেশি নাগরিক।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বেপজা।

চুক্তিতে বেপজার পক্ষে সংস্থাটির সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাজউদ্দিন আহমেদ সজীব স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেপজা সূত্রে জানা গেছে, কারখানাটিতে বছরে ১৯.৫০ মিলিয়ন কেজি বা ১ কোটি ৯৫ লাখ কেজি গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে পলি ব্যাগ ও শিট, গাম টেপ, স্কচ টেপ, প্যাকিং টেপ, মাস্কিং টেপ, প্রিন্টেড ও নন-প্রিন্টেড মাস্টার এবং ইনার কার্টন, হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, লেবেল পেপার, হেডার কার্ড, বারকোড ও বারকোড স্টিকার, নম্বরিং লেবেল, আরএফআইডি লেবেল, রাইডার, অ্যাডহেসিভ টেপ এবং সেলফ-অ্যাডহেসিভ স্টিকার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মোংলা ইপিজেডকে বিনিয়োগের জন্য বেছে নেওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কারখানা স্থাপন এবং সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বেপজার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বেপজার নতুন দুই অর্থনৈতিক অঞ্চল যশোর ও পটুয়াখালী ইপিজেডেও বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেপজার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে। এ ছাড়া আরও ছয়টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। ইপিজেডটি থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৭০৪.০৪ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। সেখানে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২৭১.৯৮ মিলিয়ন মার্কিন ডলার। এসব শিল্পপ্রতিষ্ঠানে এ পর্যন্ত ১৬ হাজার ১৬৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে।

নতুন এই বিনিয়োগ বাস্তবায়িত হলে মোংলা ইপিজেডে শিল্প উৎপাদন ও কর্মসংস্থানের পরিসর আরও বাড়বে বলে আশা করছে বেপজা।

aliul / aliul

Link Copied