
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর উপলক্ষে কুড়িগ্রামে বিএনপির শুভেচ্ছা মিছিল
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট আগমন উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। একই সঙ্গে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় হামলার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদেও পৃথক বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে শুভেচ্ছা মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সহসভাপতি নাসিম পারভেজ তারা প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমনকে স্বাগত জানিয়ে সফরটি সফল করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় হামলার পরিকল্পনার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এর আগে রিজভীর বাসায় হামলার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে শহরে পৃথক বিক্ষোভ মিছিল বের করে দলটি। কর্মসূচিগুলোতে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।




















