শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

এবার সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের মূলফটকেও আগুন দিল দূর্বৃত্তরা

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ


এবার সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের মূলফটকেও আগুন দিল দূর্বৃত্তরা
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের সদর শাখার ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মীর লায়েক আলী বলেন, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান তিনি। পরে নিচে তাকিয়ে ফটকে আগুন জ্বলতে দেখেন। এ সময় চিৎকার করে সবাইকে ডেকে নিচে নামেন। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মিলে পানি দিয়ে আগুন নেভান।
 
তিনি আরও বলেন, আগুন নেভানোর পর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একটি বিদ্যুতের তার পুড়ে যায় এবং আগুন ধরানোর একটি বোতল পুড়ে যাওয়ার শেষ অংশ পাওয়া গেছে।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, মঙ্গলবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের মূল ফটকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এমএসএম / এমএসএম

Link Copied