
জকিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:০৫ অপরাহ্ণ

ছবি
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্রসাধনী, কম্বল, চা-পাতা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিধারা এলাকায় অভিযান পরিচালনা করে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের প্রসাধনী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৩৫ লাখ ২৫ হাজার টাকা।
এ ছাড়া একই দিন জকিগঞ্জ ব্যাটালিয়নের লোভাছড়া, গুয়াবাড়ি, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, চা-পাতা ও গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৫ লাখ ৫ হাজার টাকা।
বিজিবির হিসাব অনুযায়ী, পৃথক অভিযানগুলোতে জব্দ করা পণ্যের সর্বমোট সিজার মূল্য ৪০ লাখ ৩০ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।




















