
পূর্ব ফরিদাবাদ ইউনুছিয়া জেহাদুল উলুম দাখিল মাদরাসার শিক্ষক জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০১:২২ অপরাহ্ণ

পূর্ব ফরিদাবাদ ইউনুছিয়া জেহাদুল উলুম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের কর্মজীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা প্রিয় শিক্ষককে আবেগঘন পরিবেশে বিদায় জানান।
পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা পর্বে বক্তারা জাহাঙ্গীর আলমের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি কেবল একজন শিক্ষকই ছিলেন না, বরং শিক্ষার্থীদের সত্যিকারের অভিভাবক ও পথপ্রদর্শক ছিলেন। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে তাঁর অবদান মাদরাসার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অমায়িক ব্যবহার, সততা ও শিক্ষাদানের আন্তরিকতা সবার হৃদয়ে চিরকাল অম্লান থাকবে বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাদরাসার সুপার মাওলানা জাফর উদ্দিন, সহ-সুপার মাওলানা ইউছুফ, সহকারী শিক্ষক এ কে এম বশির, মাওলানা আবুল কাসেম, রিয়াজুল করিম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা হাফিজ আহাম্মাদ, আবুবকর ছিদ্দিক, মাওলানা কারী জাকির, সিরাজুল ইসলাম, মোতমাঈন্নাসহ মাদরাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
বিদায়ী বক্তব্যে শিক্ষক জাহাঙ্গীর আলম তাঁর দীর্ঘ কর্মজীবনের সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদরাসার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠান শেষে মাদরাসার পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




















