শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

সরকারি কৃষিসেবা সম্পর্কে জানেন না কক্সবাজারের ৬২ শতাংশ কৃষক

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০১:২০ অপরাহ্ণ


সরকারি কৃষিসেবা সম্পর্কে জানেন না কক্সবাজারের ৬২ শতাংশ কৃষক

কক্সবাজারে কৃষকদের একটি বড় অংশ নিজ উপজেলায় সরকারি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের সেবা সম্পর্কে অবগত নন। অন্যদিকে, কৃষকদের সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া কৃষি উপকরণ বিক্রেতাদেরও বড় অংশের নেই জলবায়ু-স্মার্ট কৃষিবিষয়ক কোনো প্রশিক্ষণ। জেলায় ৪৭৮টি কৃষিভিত্তিক উদ্যোগের ওপর পরিচালিত এক বেসলাইন জরিপে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াশ ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইএসইসি প্রকল্পের আওতায় আয়োজিত এক নীতিমালা পর্যালোচনা কর্মশালায় জরিপের এসব তথ্য তুলে ধরা হয়। ইনোভিশন কনসাল্টিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট এক্সপার্ট ড. শরীফ আহমেদ চৌধুরী।

জরিপের তথ্যমতে, জেলার ৬২ শতাংশ কৃষক সরকারি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের সেবা সম্পর্কে জানেন না। অথচ ৮৪ দশমিক ৯ শতাংশ কৃষক কৃষিবিষয়ক পরামর্শের জন্য কৃষি উপকরণ বিক্রেতাদের ওপর নির্ভর করেন। জরিপে অংশ নেওয়া এসব বিক্রেতার ৬৫ শতাংশেরই জলবায়ু-স্মার্ট কৃষিবিষয়ক প্রশিক্ষণ নেই। এ ছাড়া প্রায় ৮৭ শতাংশ কৃষক পূর্বনির্ধারিত ক্রেতা ছাড়াই তাৎক্ষণিক বাজারে পণ্য বিক্রি করেন এবং ৪৭ দশমিক ২ শতাংশ কৃষক ঋণ পরিশোধের সময়সূচিকে অর্থায়নের বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন। জরিপে আরও দেখা গেছে, প্রতি ১০০টি কৃষিভিত্তিক উদ্যোগের ৩৬টিতে গত এক বছরে কাজসংক্রান্ত আঘাত বা অসুস্থতার ঘটনা ঘটলেও পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ পেয়েছেন মাত্র ৩ দশমিক ১ শতাংশ।

এসব সংকট নিরসনে কৃষি উপকরণ বিক্রেতাদের প্রশিক্ষণ, মানসম্মত পরামর্শ নির্দেশিকা, মাটি ও পানির গুণগত মান পরীক্ষার সুযোগ, উৎপাদনচক্র অনুযায়ী ঋণ পরিশোধের ব্যবস্থা এবং বিদ্যমান ৬৩টি কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্রের কার্যকারিতা বাড়ানোর সুপারিশ করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার নাজমুল ইসলাম ভূঁইয়া কৃষকদের মানসম্মত ও প্রত্যয়িত কৃষি উপকরণ এবং পরামর্শসেবা নিশ্চিত করতে বাজারে কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার এম. নাভিদ আকবর বলেন, সরকারি সম্প্রসারণ সেবার পক্ষে এককভাবে সব কৃষকের কাছে পৌঁছানো সম্ভব নয়; তাই বেসরকারি খাতকে সম্পৃক্ত করার পাশাপাশি সেবার মান নিয়ন্ত্রণে সরকারের তদারকি নিশ্চিত করতে হবে।

কর্মশালায় আইএলওর কক্সবাজার প্রকল্প কার্যালয়ের প্রধান রুচিকা বাহলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। জরিপের ফলাফল ও কর্মশালার সুপারিশগুলো জাতীয় পর্যায়ের নীতিপত্র প্রণয়নে কাজে লাগানো হবে বলে জানানো হয়।

এমএসএম / এমএসএম

Link Copied