বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ


কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এরপর সোমবার (১৬ নভেম্বর) থেকে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে এবং নগর ভবনে হামলার ঘটনায় কেসিসির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সাম্প্রতিক নাশকতা ও হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য এবং সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছিল। ওই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারকে বলেছি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। সে কারণেও সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে, সেটিও আমরা উড়িয়ে দিতে পারি না।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপকারী দুষ্কৃতকারীদের শনাক্ত করা গেছে। খুব দ্রুত তাদের আইনের আওয়াতায় নিয়ে আসা সম্ভব হবে। একটি নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে বলেও তিনি জানান।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, নগর ভবনে বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথ বাহিনী একসঙ্গে চলাচল করবে। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগে থেকেই নিরাপত্তা ছিল। তবে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের পর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে।


Link Copied