
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে দিন ও রাতব্যাপী ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে বাউলসম্রাট লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) স্থানীয় লালন আখড়াবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত, বাউল ও সাধু-সন্ন্যাসীদের অংশগ্রহণে ‘সাধুসঙ্গ ও ভাবসংগীত’-এর মধ্য দিয়ে এ দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে দিনভর সেখানে বসে জাঁকজমকপূর্ণ গ্রামীণ মেলা।
আয়োজকেরা জানান, ২০১১ সালে স্থানীয় সাধু ছালেক শাহ লালন সাঁইজির নামে ১০ শতাংশ জমি ওয়াক্ফ করে এই ‘লালন আখড়াবাড়ি’ গড়ে তোলেন। গত ১৫ বছর ধরে প্রতি বছর বাংলা কার্তিক মাসের শেষ রোববার এখানে বাৎসরিক মিলনমেলা ও তিরোধান দিবস পালিত হয়ে আসছে। কুষ্টিয়ার ছেঁউড়িয়ার পর এটিই দেশের অন্যতম বড় লালন ভক্তদের মিলনমেলায় পরিণত হয়েছে।
রোববার বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান। সন্ধ্যায় ভাবসংগীতের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, জেলা জাসাসের আহ্বায়ক আহসান হাবীব সজীব, রাজশাহীর বাউল দুলাল শাহ, রংপুর লালন একাডেমির সভাপতি আবু নঈম, কুড়িগ্রাম লালন একাডেমির সাধারণ সম্পাদক শিবলী সাদিক আতিক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুকুল।
অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক খন্দকার মাহফুজার রহমান টিউটর জানান, দেশের বিভিন্ন জেলা থেকে সাধু ও ভক্তরা এখানে সমবেত হয়েছেন। আগামীতে এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম লালন চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
কুড়িগ্রাম লালন আখড়ার সভাপতি ও উদ্যোক্তা ছালেক শাহ এবং সাধারণ সম্পাদক নুরনবী জানান, সবার সহযোগিতায় দীর্ঘ ১৫ বছর ধরে এই আয়োজন চলে আসছে এবং আগামীতে দুদিনব্যাপী তিরোধান দিবস পালনের উদ্যোগ নেওয়া হবে। তবে আখড়ার সামনের সড়ক সংস্কার ও পাশের পুকুরটি ভরাট করা হলে দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াত ও অবস্থান আরও সহজ হবে বলে জানান তাঁরা।




















