শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

কুমিল্লায় এসএসসি ৮৬ বাংলাদেশ পুনর্মিলনী, ‘রসমালাই আড্ডায়’ মেতে উঠলেন ৬ শতাধিক বন্ধু

reporter

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:০৬ অপরাহ্ণ


কুমিল্লায় এসএসসি ৮৬ বাংলাদেশ পুনর্মিলনী, ‘রসমালাই আড্ডায়’ মেতে উঠলেন ৬ শতাধিক বন্ধু
বন্ধুত্বের টানে, স্মৃতির বাঁধনে আবারও এক ছাদের নিচে মিলিত হলেন এসএসসি ১৯৮৬ বাংলাদেশের বন্ধুরা। পুরোনো দিনের স্মৃতিচারণ, প্রাণখোলা হাসি, আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল কুমিল্লার গোমতী টাচ পয়েন্ট। ‘সৌহার্দ্য, সম্প্রীতি, কল্যাণ ও সমৃদ্ধি—এসএসসি ৮৬ বাংলাদেশ’ শীর্ষক উদ্যোগে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘রসমালাই আড্ডা’। এতে সারা দেশ থেকে প্রায় ছয় শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন।
 
শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী কুমিল্লার গোমতী টাচ পয়েন্টে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসি ৮৬ বাংলাদেশ  কুমিল্লা আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি ৮৬ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আজাদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক নাহিদ আক্তার।
 
মো. মোয়াজ্জেম হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের পেছনে এসএসসি ৮৬ বাংলাদেশ বন্ধু নাজের চৌধুরী, রহিম খান, বাবুল, সোলেমান, মাহাবুব, টিপু, আলী আকবর, ইসরাত জাহান, সুলতানা ও নুরুন্নাহারসহ আরও অনেক বন্ধু নিরলস পরিশ্রম করেন। এছাড়া বন্ধু আনোয়ার হোসেন সহ অন্যান্য বন্ধুরা পুরো আয়োজনের সার্বিক খোঁজখবর রাখেন এবং আয়োজনের বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও সমন্বয় করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় ‘রসমালাই আড্ডা’ হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয় এক মিলনমেলা।
 
দেশের বিভিন্ন জেলা থেকে আসা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং বিভিন্ন পেশায় নিয়োজিত বন্ধুরা এ আয়োজনে অংশ নেন। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে সবাই মেতে ওঠেন আনন্দ-উচ্ছ্বাসে। কেউ ফিরে যান স্কুলজীবনের স্মৃতিতে, কেউবা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করেন জীবনের নানা অভিজ্ঞতা।
 
দিনব্যাপী আয়োজনে ছিল চা-কফি ও ঐতিহ্যবাহী পিঠাপুলির আপ্যায়ন, প্রাণবন্ত আড্ডা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 
আয়োজকরা বলেন, জীবনের দীর্ঘ পথচলায় সবাই নিজ নিজ কর্মক্ষেত্র ও পারিবারিক দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকলেও বন্ধুত্বের বন্ধন কখনো পুরোনো হয় না। সেই বন্ধনকে আরও দৃঢ় করা এবং একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন। শুধু আনন্দ-উৎসব নয়, পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সম্পর্ক জোরদার করাও এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
 
তারা আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় শতাধিক বন্ধুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তুলেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
 
বন্ধুদের সঙ্গে অকারণ হাসাহাসি, খুনসুটি আর ছোট ছোট পাগলামিই যে জীবনকে আরও রঙিন করে তোলে, ‘রসমালাই আড্ডা’ যেন সেই চিরচেনা বন্ধুত্বেরই এক আনন্দঘন প্রতিচ্ছবি হয়ে উঠেছিল।

Link Copied