
গাংনীতে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ

মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী ধলা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহণ করেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. সাহেব আলী (সেন্টু)। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কমিটির সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত সভাপতি মো. সাহেব আলী বলেন, এই পদটি কোনো অলংকার নয়, বরং একটি পবিত্র আমানত ও গুরুদায়িত্ব। শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যা বা জিপিএ-৫-এর মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সর্বদা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, অতীতে দায়িত্ব পালনকালে তিনি হোম ভিজিটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নিয়েছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস ওয়াহেদ (বেল্টু), রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল হুদা এবং কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক আখতারুজ্জামান।
এ ছাড়া অনুষ্ঠানে অ্যাডহক কমিটির সদস্য মোছা. মমতাজ পারভীন, অভিভাবক সদস্য সালমা খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।




















