
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে গভীর রাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্য মো. মাহফুজ। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিব্বাড়ী পরানার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত ইউপি সদস্য মাহফুজকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ইউপি সদস্য মাহফুজ জানান, রাতে ছয়টি মোটরসাইকেলে চড়ে ১২ জনের একটি সশস্ত্র দল তাঁদের বাড়ির সামনে আসে। তাদের মধ্যে ছয়জন ছাদের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে এবং বাকিরা বাইরে পাহারায় থাকে। পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা এলোপাতাড়ি মারধর শুরু করে এবং তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে আলমারি ভেঙে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার এবং একাধিক মোবাইল ফোন লুট করে নেয়।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসার চেষ্টা করলে বাইরে থাকা ডাকাতরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করার হুমকি দিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরে মালামাল নিয়ে তারা মোটরসাইকেলে করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
জনপ্রতিনিধির বাড়িতে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। গভীর রাতে এতগুলো মোটরসাইকেল নিয়ে এসে কীভাবে নির্বিঘ্নে ডাকাতি সম্পন্ন হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও এলাকায় রাতের পুলিশি টহল জোরদারের দাবি জানান তাঁরা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















