বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

reporter

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ণ


নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলা ও গুলিবর্ষণের মামলায় মূল অভিযুক্ত তিন ট্রাস্টিকে চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে লবণচরা থানার ওসি ও তদন্ত কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় নগরীর সোনাডাঙ্গা মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, হামলার ঘটনায় অভিযুক্ত ট্রাস্টি তৌহিদুল ইসলাম আজাদ, পবিত্র কুমার সরকার ও সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহর নাম সাক্ষী গোপন করে চার্জশিট থেকে বাদ দিয়েছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আশরাফুল আলম।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কানাই লাল সরকার উপস্থিত থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


Link Copied