বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

‘এশিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক সাফায়েত মোরশেদ

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ণ


‘এশিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক সাফায়েত মোরশেদ

পর্যটন শিল্পের সম্ভাবনা, সংকট ও উন্নয়নের চিত্র গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরে পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এশিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন সাংবাদিক সাফায়েত মোরশেদ।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) কক্সবাজারের হোটেল সি ওয়ার্ল্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পর্যটন বিকাশে অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তি ও স্বনামধন্য প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পর্যটন খাতের অমিত সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, টেকসই উন্নয়ন ও দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ নিয়মিত গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে পর্যটন শিল্পের সামগ্রিক বিকাশে অনবদ্য ভূমিকা রাখায় সাফায়েত মোরশেদকে এ মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

অ্যাওয়ার্ড অর্জনের পর অনুভূতি প্রকাশ করে সাংবাদিক সাফায়েত মোরশেদ বলেন, ‘যেকোনো আন্তর্জাতিক বা জাতীয় স্বীকৃতি সাংবাদিকতার পথচলায় বড় প্রেরণা হিসেবে কাজ করে। এই সম্মাননা আমার পেশাগত দায়িত্ব ও দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিল। এটি আমার কর্মজীবনের অন্যতম একটি স্মরণীয় ও আনন্দের মুহূর্ত। দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, বিদ্যমান সংকট সমাধান এবং অপার সম্ভাবনা তুলে ধরতে ভবিষ্যতেও আমার কলম অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বাশার, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু এবং দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদসহ পর্যটন, করপোরেট ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সাংবাদিক সাফায়েত মোরশেদ বর্তমানে অনলাইন গণমাধ্যম নিউজডে২৪-এর বার্তা প্রধান এবং জাতীয় দৈনিক ‘আলোকিত প্রতিদিন’-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি মূলধারার সাংবাদিকতায় জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক বাস্তবতা ও বিশেষ করে পর্যটন শিল্পের বিভিন্ন দিক নিয়ে সক্রিয়ভাবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে আসছেন।


Link Copied