শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

সাতকানিয়ায় রিকশাচালক নুরুল কবির হত্যা: ৫ নম্বর আসামি শারমিন কারাগারে

reporter

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ


সাতকানিয়ায় রিকশাচালক নুরুল কবির হত্যা: ৫ নম্বর আসামি শারমিন কারাগারে

চট্টগ্রামের সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়নের দিনমজুর রিকশাচালক নুরুল কবির হত্যাকাণ্ডের এজাহারনামীয় ৫ নম্বর আসামি শারমিন আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১ নভেম্বর ২০২৬) চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবদুল লতিফ।

বাদীপক্ষের আইনজীবী আবদুল লতিফ জানান, সাতকানিয়া থানার হত্যা মামলার (নং-৮(৯)২৫) এজাহারনামীয় ৫ নম্বর আসামি শারমিন আক্তার হচ্ছেন মামলার ২ নম্বর আসামি নেয়াজুর রহমানের স্ত্রী। হাইকোর্ট থেকে তিনি অভিযোগপত্র শুনানি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। তবে অভিযোগ গঠনের নির্ধারিত তারিখে আদালতে অনুপস্থিত থাকায় তিনি উচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘন করেন। রবিবার তিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে হত্যাকাণ্ডে তাঁর সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কনভিকশন ওয়ারেন্ট (সিডব্লিউ) মূলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আসামিকে কারাগারে পাঠানোর আদেশের পর নিহত নুরুল কবিরের বৃদ্ধা মা আবেগাপ্লুত কণ্ঠে জানান, ছেলের হত্যাকারীদের একজন কারাগারে যাওয়ায় তাঁর কলিজা কিছুটা শান্ত হয়েছে এবং তিনি ছেলে হত্যার চূড়ান্ত ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল এলাকায় বসতভিটার মাত্র চার ইঞ্চি সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মৃত আমীর আলীর ছেলে রিকশাচালক নুরুল কবিরকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, নেয়াজুর রহমান, তাঁর ভাই ও পরিবারের সদস্যরা মিলে প্রকাশ্য দিবালোকে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কিরিচে শান দিয়ে সহায়তা করেছিলেন সদ্য কারান্তরীণ আসামি শারমিন আক্তার।


Link Copied