
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১ হাজার ২০০ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে সুন্দরবনের সুন্দরী কোঠা এলাকায় পশুর নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যায় এই কয়লাবাহী কার্গোটি। দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মচারীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে আসছিল এমভি ফুলবাড়ী। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এম,টি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এমভি ফুলবাড়ী নামক জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে ডুবে যায় কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী জাহাজ। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। এদিকে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার সিডিউল ছিল। তবে কার্গো জাহাজটি পশুর চ্যানলের বাহিরে ডুবে যাওয়ায় মুল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার মঙ্গলবার বিকেলে বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।




















