
এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাইসা খানম নামের দেড় বছর বয়সী এক কন্যাশিশু রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। নিখোঁজের এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম ও চরম উৎকণ্ঠা।
গত সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা। সে ওই গ্রামের রমিজ শরীফের মেয়ে। ঘটনার পরদিন শিশুটির মামা স্বপন মোল্লা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা রহিমা বেগম জানান, ঘটনার দিন দুপুরে রাইসা বাড়িতে দাদির সঙ্গে দুষ্টুমি করছিল। এরপর ঘরে মায়ের কাছে থাকার কিছুক্ষণ পরই হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বাড়ির আশপাশ, খাল-নালা, ডোবা ও পুকুরসহ সম্ভাব্য সকল স্থানে তল্লাশি চালানো হলেও রাইসার কোনো হদিস মেলেনি। নিখোঁজের সাত দিন অতিবাহিত হলেও কোনো ক্লু বা সন্ধান না পেয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, নিখোঁজ শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারে পুলিশের সর্বোচ্চ তৎপরতা ও জোর তদন্ত অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দেশের সংশ্লিষ্ট সব থানায় নিখোঁজ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে।




















