
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সমাজ থেকে মাদকদ্রব্য ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিটি পদক্ষেপে পুলিশের প্রয়োজন। তাই পুলিশ বাহিনীকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী না করলে সমাজে দিনে-রাতে কেউই নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে না।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় বাগেরহাট পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
আইজিপি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পরও আমরা দীর্ঘ সময় স্বাধীনভাবে চলতে পারিনি, নানা বৈষম্যের শিকার হয়েছি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা সেই বৈষম্য দূর করেছি। তাই ডিসেম্বরে অমুক আসবে কি আসবে না—এসব ভিত্তিহীন গুজবে কেউ কান দেবেন না।’
পরবর্তীতে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ প্রধান বলেন, সবার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অর্থনৈতিক অগ্রগতি অপরিহার্য। আর সব সংকটের মূল কারণ বেকারত্ব। প্রতিবছর দেশে প্রায় ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত তরুণ নতুন করে বেকারত্বের তালিকায় যুক্ত হচ্ছে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এদের নির্মূলে পুলিশকে সার্বিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।’
তিনি আরও জানান, কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কমিউনিটি পুলিশিংয়ের সার্বিক তৎপরতাকে আরও গতিশীল ও কার্যকর করবে।
বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক শামসুল হাদীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ ছাড়া বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফোরামের সভাপতি প্রদীপ বসু শন্তু।
এর আগে পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আইজিপি। উল্লেখ্য, পুলিশ প্রধানের পৈতৃক নিবাস বাগেরহাট জেলা সদরে হওয়ায় তিনি সরকারি সার্কিট হাউসের পাশাপাশি নিজ বাসভবন ও আত্মীয়দের সঙ্গে সময় কাটান। সার্কিট হাউসে অবস্থানকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের পক্ষে তাঁর ছোট ভাই নিয়ামুল কাদির বিলুসহ স্থানীয় নেতৃবৃন্দ আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান।




















