
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ

কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশগ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা, ছিনতাই এবং কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়। অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, ১৩৩ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবক জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




















