
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ

কুমিল্লার মুরাদনগরে টনকী আদর্শ যুব সমাজের উদ্যোগে লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার টনকী খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে কমলপুর ও পীরকাশিমপুর দলের মধ্যকার খেলা ২-২ গোলে ড্র হয়। নির্ধারিত সময়ে খেলার ফলাফল সমতায় থাকায় দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই ও টিএএস এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান কে এম মুজিবুল হক।
প্রধান অতিথির বক্তব্যে কে এম মুজিবুল হক বলেন, একসময় মুরাদনগরে মাদকের বিস্তার ছিল না বললেই চলে। কিন্তু বর্তমানে মাদক ভয়াবহ রূপ নিয়েছে। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে মাদক ছড়িয়ে পড়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যুবসমাজকে সুস্থ ও সুন্দর পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম মুজিবুল হকের বড় ছেলে কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইশমাম, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক অঞ্জন চৌধুরী, বিএনপি নেতা জজ মিয়া, আজিজ মোল্লা, হাজী ইদ্রিস এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম। এ ছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও হাজারো দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কে এম মুজিবুল হক। এ সময় আয়োজক কমিটির সদস্যরা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।




















