প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১-১০-২০২৬ বিকাল ৬:২৩

47Views

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বাড়াতে ‘অ্যারাইজ—অ্যাসিস্টিভ রিসোর্স ইন্টিগ্রেশন ফর স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট’ (ARISE) প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এম. এম. ইস্পাহানি লিমিটেড ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অংশীদারিত্বের আওতায় এম. এম. ইস্পাহানি লিমিটেড প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী সহায়ক সরঞ্জাম সরবরাহ এবং নিয়োগকর্তাদের প্রস্তুতিমূলক ব্রিফিংয়ে সহায়তা করবে। আর প্রকল্পটির বাস্তবায়নকারী অংশীদার হিসেবে কাজ করবে বিবিডিএন।
স্বাক্ষর অনুষ্ঠানে এম. এম. ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার—এইচআর অ্যান্ড অ্যাডমিন ফারহানা আফরিন উপস্থিত ছিলেন। এম. এম. ইস্পাহানি লিমিটেড জানায়, অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র তৈরির জন্য সবার জন্য অর্থবহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। (ARISE) প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত সহায়ক সরঞ্জাম প্রাপ্তিতে সহায়তা এবং কর্মক্ষেত্রের প্রস্তুতি জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ, স্বাধীনতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে। বিবিডিএনের অপারেশনস ডিরেক্টর আজিজা আহমেদ বলেন, অনেক প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রয়োজনীয় সহায়ক সরঞ্জামের অভাব অংশগ্রহণ ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। (ARISE) প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম প্রাপ্তি সহজতর করে প্রতিবন্ধী ব্যক্তিদের আরও স্বাধীন ও কর্মমুখী করে তোলার লক্ষ্য রয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে একীভূত করার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


আরও পড়ুন