বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র : ২৭ বছর কারাদণ্ড পেলেন পাকিস্তানি নাগরিক

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ


ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র : ২৭ বছর কারাদণ্ড পেলেন পাকিস্তানি নাগরিক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে হত্যার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে আসিফ মার্চেন্টকে ২৭ বছরেরও বেশি সময় কারাবাসের সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ব্রুকলিন জেলা আদালত। গতকাল মঙ্গলবার এই সাজা ঘোষণা করা হয়েছে।

পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বিচার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের (২৭ বছর ৬ মাস) কারাদণ্ড দিয়েছেন ব্রুকলিন জেলা জজ আদালতের বিচারক এরিক. আর. কোমিটি।

যে ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের সাজা দেওয়া হলো, সেটি ঘটেছিল ২০২৪ সালে। চলতি ২০২৬ সালের মার্চ মাসে আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। তারপর ৮ মাস বিচারকাজ শেষে মঙ্গলবার এই রায় দেন বিচারক এরিক. আর. কোমিটি।

মার্কিন কৌঁসুলিরা জানিয়েছেন, আসিফ মার্চেন্টের সঙ্গে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশানি গার্ড কর্পসের (আইআরজিসি) যোগসাজশ ছিল এবং এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিল ইরান। ২০২০ সালে আইআরজিসির অন্যতম কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আসিফ মার্চেন্ট স্বীকার করেছেন যে তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে তার দাবি, তেহরানে থাকা নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে চাপের মুখে তিনি এমনটা করতে বাধ্য হয়েছিলেন তিনি।

আদালতে আসিফ আরও জানান, ইরানের এক নিয়ন্ত্রক (হ্যান্ডলার) তাকে সম্ভাব্য তিন লক্ষ্যবস্তুর নাম দিয়েছিলেন, তবে নির্দিষ্ট কাউকে হত্যার কোনো সুনির্দিষ্ট নির্দেশ তাকে দেওয়া হয়নি।

বিচার প্রক্রিয়ায় উপস্থাপিত তথ্য-উপাত্ত অনুযায়ী, এই ষড়যন্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। এই ৩ জনই ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।

ষড়যন্ত্রটি ব্যর্থ হয় যেভাবে

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে অথবা ২০২৩ সালের শুরুর দিকে মার্চেন্ট আইআরজিসির সঙ্গে কাজ শুরু করেন। সেখানে তিনি গোয়েন্দা কৌশল, বিশেষ করে নজরদারি এড়ানোর পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ নেন। এ সুবাদে বেশ কয়েকবার ইরানে গিয়ে তার কথিত নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করেন আসিফ। তারপর ২০২৪ সালে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়, যাতে তিনি হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য লোক নিয়োগ করতে পারেন।

২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর, মার্চেন্ট নিউইয়র্কে পরিচিত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তিনি ভেবেছিলেন, ওই ব্যক্তি তাকে হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে পারবেন।

কিন্তু ওই ব্যক্তি বিষয়টি আইনশৃঙ্খলা কর্তৃপক্ষকে জানিয়ে দেন এবং পরবর্তীতে একজন গোপন তথ্যদাতা হিসেবে কাজ করতে থাকেন। এ পর্যায়ে মার্চেন্ট এমন কিছু ব্যক্তির সাথে দেখা করেন, যাদের তিনি ভাড়াটে খুনি বলে মনে করেছিলেন; কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিলেন ছদ্মবেশধারী মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তা।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ছদ্মবেশী এই কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক সমাবেশে কোনো এক রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করা, নথিপত্র চুরি করা এবং রাজনৈতিক জমায়েতে বিক্ষোভ আয়োজনের বিষয়ে আলোচনা করেছিলেন আসিফ।

কৌঁসুলিরা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনার অগ্রিম অর্থ হিসেবে তিনি কথিত ভাড়াটে খুনিদের ৫,০০০ ডলার দিয়েছিলেন। এই অর্থ তিনি বিদেশ থেকে একজনের সহায়তায় সংগ্রহ করেছিলেন।

২০২৪ সালের ১২ জুলাই টেক্সাসের রিচমন্ডে যখন মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়, সে সময় তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

তার গ্রেপ্তারের একদিন পরেই পেনসিলভানিয়ার বাটলার শহরে একটি নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে, তবে সেটি ভিন্ন ঘটনা ছিল। রয়টার্সের তৎকালীন প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ওপর সেই হামলার সঙ্গে মার্চেন্টের কোনো যোগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়নি।

মার্চেন্টের আত্মপক্ষ সমর্থন ও পাকিস্তানযোগ

মার্চেন্টের পক্ষে যুক্তি দেওয়া হয় যে, তিনি অনিচ্ছাসত্ত্বেও এবং একজন ইরানি এজেন্টের চাপে পড়ে এমনটা করেছিলেন; ওই এজেন্ট তাকে ইরানে থাকা তার পরিবারের ক্ষতি করার হুমকি দিয়েছিল। তিনি সাক্ষ্য দেন যে, তার বিশ্বাস ছিল মার্কিন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এই পরিকল্পনাটি থামিয়ে দেবে এবং তিনি হয়তো তাদের সাথে সহযোগিতা করতে পারবেন।

কৌঁসুলিরা তার এই ভাষ্যকে চ্যালেঞ্জ করেন। তারা উল্লেখ করেন যে, সোলেমানি নিহত হওয়ার পর মার্চেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রবিরোধী ও ট্রাম্পবিরোধী বিভিন্ন পোস্ট দিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, তার কর্মকাণ্ড প্রমাণ করে যে তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী ছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিচারক তার পরিবারের নিরাপত্তা নিয়ে মার্চেন্টের উদ্বেগের বিষয়টি স্বীকার করলেও মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রের ক্ষতি করার ব্যাপারে তিনি অত্যন্ত অনুপ্রাণিত ছিলেন।

২০২৪ সালে মার্চেন্ট গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তানেও এ নিয়ে তদন্ত শুরু হয়। গত আগস্টে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগের বরাত দিয়ে এক প্রতিবেদনে জিও নিউজ জানায়, পাকিস্তানে আসিফের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, কর্তৃপক্ষ তার ভ্রমণের ইতিহাস এবং তার ব্যবহৃত মোবাইল সিম ও যানবাহনের রেকর্ড যাচাই-বাছাই করেছে।

সে সময় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল যে, তারা মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে এবং মার্চেন্টের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে।

সূত্র : জিও নিউজ

aliul / aliul

Link Copied