
‘স্যান্ডপেপারগেট’ মাথাব্যথা সারাতে স্বাধীন ফোরাম গঠন করছে অস্ট্রেলিয়া
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া, তবে মাঠের সেই লড়াইয়ের চেয়ে বাইরের দিকেই বেশি মনোযোগ ক্রিকেট সংশ্লিষ্টদের। ২০১৮ সালে অজি ক্রিকেটারদের ঘটানো স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে জলঘোলা পরিস্থিতি বেড়েই চলেছে। যা এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মাথাব্যথার কারণ। সে কারণে স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে সিএ, তবে এটি কোনো তদন্ত কমিটি নয়!
চলমান ওয়ানডে সিরিজে ১-১ সমতায় রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ফলে আজ (বুধবার) তারা তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজনির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছে। এর আগমুহূর্তে হঠাৎ করে সংবাদ সম্মেলনের ডাক দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপরই সিএ’র অন্তর্বর্তীকালীন প্রধান ডেভিড বুন ও প্রধান নির্বাহী (সিইও) টড গ্রিনবার্গ স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় ২০১৮ সালে স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট ১ বছর, তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৯ মাস করে নিষিদ্ধ হয়েছিলেন। তবে ওই ঘটনা আগে থেকে কেবল তিনজনই জানতেন না বলে বিস্ফোরক দাবি করেছেন উসমান খাজা। সাবেক এই অজি ওপেনার তার আত্মজীবনী ‘সবর’-এ পুরো অস্ট্রেলিয়া দল বিষয়টি জানত বলে বোমা ফাটান। ওয়ার্নার ও চ্যাড সেয়ার্স নামে আরেক ক্রিকেটার তাতে পূর্ণ সম্মতি দিয়েছেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও ২০১৮ সালে স্যান্ডপেপারের ঘটনার সময় প্রধান কোচ ড্যারেন লেহম্যান ও সহকারী কোচ গ্রায়েম এটি পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছেন। তবে পক্ষে-বিপক্ষের যুক্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বিব্রত। সেই মাথাব্যথা সারাতে ভিন্ন কিছুর পথে হাঁটছে তারা। সংবাদ সম্মেলনে সিএ’র ভারপ্রাপ্ত প্রধান ডেভিড বুন জানিয়েছেন, ‘এই ফোরামটি অতীত নিয়ে পুনরায় বিতর্ক করার জায়গা নয়।’
স্বাধীন ফোরাম নতুন করে তদন্ত করবে না, তাহলে এর কাজ কী– এমন প্রশ্নে বুনের জবাব, ‘এর উদ্দেশ্য– যারা নিজেদের কথা তুলে ধরতে চান, তাদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ পরিবেশ তৈরি করা, যেখানে তারা তাদের গল্প বলতে পারবেন এবং আমাদের পক্ষ থেকে সেই কথা শোনার সুযোগ তৈরি করা হবে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জোর দিয়ে বলেছেন, এই ফোরামটি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া টেস্ট দলের বল টেম্পারিংয়ের ঘটনাগুলোর কোনো পুনঃতদন্ত নয়। সেই সময়ের খেলোয়াড় বা স্টাফদের এই ফোরামে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা হবে না। ফোরামটি সম্ভবত একজন ‘কিংস কাউন্সেল’-এর (রাজকীয় আইনজীবী) নেতৃত্বে পরিচালিত হবে এবং এটি পুরোপুরি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে কাজ করবে।
ক্রিকেটার-কোচদের পরস্পরবিরোধী ব্যাখ্যায় ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে গ্রিনবার্গ বলেন, ‘২০১৮ সালে কেপটাউনে যা ঘটেছিল সে বিষয়ে আমরা গত এক সপ্তাহে বেশ কিছু ভিন্ন ও পরস্পরবিরোধী বর্ণনা পেয়েছি। ক্রিকেট এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য এটি অত্যন্ত কঠিন ও অস্বস্তিকর একটি সময়। এই মুহূর্তে খেলাটি সত্যিই ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি কারও জন্যই ভালো নয়।’
স্বাধীন ফোরামে যে কেউ মতামত জানালেও সেসব পুরোপুরি প্রকাশ করা হবে না বলে জানালেন এই সিএ কর্মকর্তা, ‘এটি কাউকে খুশি করার বিষয় নয়। এই ঘটনাগুলো আট বছর আগের। এগুলো অনেক মানুষের জন্য প্রচণ্ড যন্ত্রণা ও কষ্টের কারণ হয়েছিল, এখন আবারও একই ঘটনা ঘটছে। একপর্যায়ে আমাদের সামনে এগিয়ে যেতেই হবে, তবে কোনো পদক্ষেপ না নিয়ে আমরা সামনে এগোতে পারব না। আমরা যত দ্রুত এগোতে পারি ততই ভালো, তবে আমরা কোনো তাড়াহুড়ো করব না।’
‘আমাদের উত্তরণের একটি পথ খুঁজে বের করতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন। এই প্রক্রিয়ার অংশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ দিতে আমরা একটি স্বতন্ত্র ফোরাম গঠন করেছি। খেলোয়াড়দের মধ্যে এমন অনেক সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে, যারা কয়েক দশক ধরে একই ড্রেসিংরুম শেয়ার করেছেন, সেই সম্পর্কগুলো এখন প্রচণ্ড চাপের মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করা আমাদের দায়িত্ব। আমাদের সবার চেয়ে খেলাটি বড়।’



















