বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

শেষ মিনিটে হালান্ডের গোলে নরওয়ের নাটকীয় জয়

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ


শেষ মিনিটে হালান্ডের গোলে নরওয়ের নাটকীয় জয়

আগের ম্যাচে পর্তুগালকে ৪-১ গোলে হারিয়েছিল ডেনমার্ক। সেই দল এবার ২০২৬ বিশ্বকাপে চমক দেখানো নরওয়ের জালে শুরুতেই ২ গোল করে বসে। ম্যাচের নাটকীয়তা তুলে রাখা হয়েছিল শেষ ১০ মিনিটের জন্য। মার্টিন ওডেগার্ডের পর আর্লিং হালান্ডের শেষ মিনিটের গোলে ৩-২ ব্যবধানে ভাইকিংসরা জয় পেয়েছে।

প্রতিপক্ষের মাঠে জয় নিয়ে ফেরার ম্যাচে জোড়া গোল করে নায়ক হালান্ড। প্রথম লেগেও তার দল ডেনমার্ককে একই ব্যবধানে হারিয়েছিল। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’-র ৪ নম্বর গ্রুপে দুইয়ে আছে নরওয়ে। ১৫ পয়েন্ট নিয়ে পর্তুগাল শীর্ষে এবং তিনে থাকা ডেনমার্কেরও পয়েন্ট সমান ৯।

খেলার শুরুতে নিজেদের ছন্দ খুঁজে নেওয়ার আগে নরওয়ে তিন মিনিটের মধ্যে দুই গোল হজম করে। ১১ মিনিটে রাসমুস হয়লুন্দ এবং তিন মিনিটের ব্যবধানে পিয়ের-এমিল হয়বার্গ স্কোরলাইন ২-০ করেন। শুরুর ধাক্কা সামলে ৩১ মিনিটে নরওয়ের পক্ষে ব্যবধান কমান হালান্ড। কিন্তু গোলের আগমুহূর্তে তার হাতে বল লাগায় ভিএআর সেটি বাতিল করে। ছয় মিনিটের মাথায় ডেনমার্ক গোলরক্ষকের হাস্যকর ভুলে একদম ফাঁকায় বল পেয়ে হালান্ড জোরাল শটে জাল কাঁপান।

নরওয়ে দ্বিতীয় গোল পাওয়ার কাছাকাছি থাকলেও তাদের অপেক্ষাটা বাড়ছিল। পোস্টে লেগে ফেরে তাদের শট। তবে ৮৩ মিনিটে তারা সমতায় ফেরে ডেনমার্ক গোলরক্ষকের আরেকটি দুর্বলতায়। নরওয়ের প্রথম শট পোস্টে লেগে ফেরার পর ফাঁকায় থাকা ওডেগার্ড ফিরতি বল জালে জড়ান। ঝাঁপিয়ে পড়েও বলটি পুরোপুরি আটকাতে পারলেন না ডেনমার্ক গোলরক্ষক।

নরওয়ের জয়নির্ধারণী গোলটি আসে ডি-বক্সে ডেনমার্ক ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসনের হাতে বল লাগার সুবাদে। হালান্ড স্পটকিকে গোল করে জার্সি খুলে উল্লাসে মাতেন। যা জাতীয় দলের জার্সিতে তার ৬১ ম্যাচে ৬৮তম গোল। একইসঙ্গে নরওয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করল।

aliul / aliul

Link Copied