
২৬ বছর পর ‘হাম নির্মূল’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ

কঠোর প্রচেষ্টা ও তৎপরতার মাধ্যমে ২০০০ সালে ‘হাম নির্মূল’ দেশ হওয়ার যে গৌরব অর্জন করেছিল যুক্তরাষ্ট্র, চলতি ২০২৬ সালে সেই মর্যাদা হারিয়েছে দেশটি। আমেরিকা মহাদেশভিত্তিক স্বাস্থ্য সংস্থা প্যান অ্যামেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
পৃথক এক বিবৃতিতে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের শাখা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ‘হাম নির্মূল’ দেশের মর্যাদা হারিয়েছে আমেরিকা মহাদেশভুক্ত দুই দেশ বলিভিয়া এবং মেক্সিকোও।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্যান অ্যামেরিকান হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক জারবাস বারবোসা বলেন, “এটি একটি বড় ধরনের বিপর্যয়। তবে দেশগুলো প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে। বলিভিয়া, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র টিকাদান কর্মসূচি জোরদার করা, নজরদারি বাড়ানো এবং প্রাদুর্ভাব মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।”
বারবোসা আরও বলেন, ‘হাম নির্মূল’ হওয়ার মর্যাদা হারানো কেবল একটি আনুষ্ঠানিক স্বাস্থ্যগত স্বীকৃতি খোয়ানোর ব্যাপার নয়; বরং এটি নির্দেশ করে যে, ভাইরাসটি দীর্ঘ সময় ধরে ছড়িয়ে পড়েছে এবং তার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রতিরোধযোগ্য অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকিতে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ‘জনস হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর হেলথ সিকিউরিটি’র সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ গবেষক ডা. আমেশ আদালজা বলেন, “পাহো’র এই ঘোষণা কেবল একটি দৃশ্যমান বাস্তবতাকে আনুষ্ঠানিক রূপ দিল। যুক্তরাষ্ট্র এখন আর হাম নিয়ন্ত্রণে সক্ষম নয়।”
উল্লেখ্য, ২০২৫ সাল এবং চলতি ২০২৬ সালে যুক্তরাষ্ট্র গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হামের প্রাদুর্ভাব ঘটেছে যুক্তরাষ্ট্রে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৭,৭০০ জন মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই জীবনে কখনও হামের টিকা নেননি।
পাহো’র কর্মকর্তারা জানিয়েছেন, ‘হাম নির্মূল’ রাষ্ট্রের মর্যাদা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সামনে একটি পথই খোলা, আর সেটি হলো একটি সংশোধনমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা। সম্ভাব্য এ পরিকল্পনায় সরকার কী কী কৌশল ও পদক্ষেপ গ্রহণ করবে— সেসবের উল্লেখ থাকতে হবে এবং পরবর্তী ১২ মাসে প্রমাণ করতে হবে যে, দেশটিতে এ ভাইরাসের কোনো অস্তিত্ব নেই।
হামের প্রকোপ বৃদ্ধি ও মার্কিন স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ তীব্রভাবে বৃদ্ধির ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন টিকাদানের হার কমে যাচ্ছে এবং টিকার ব্যাপারে মানুষের মধ্যে দ্বিধা বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রীর পদে আছেন রবার্ট এফ. কেনেডি জুনিয়র, যিনি বছরের পর বছর ধরে কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই হামের টিকার নিরাপত্তা নিয়ে সংশয় ছড়িয়ে আসছেন।
তবে আগের অবস্থান থেকে সরে এসে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় কেনেডি জুনিয়র বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় হাম নির্মূলের অবস্থানে ফিরে আসার জন্য কাজ করবে এবং নাগরিকদের তিনি টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, হাম শনাক্তকরণ ও চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের নির্দেশনা প্রদানের পাশাপাশি সাধারণ নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের টিকার সুবিধা ও ঝুঁকি সম্পর্কে তথ্যও জানাবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি) ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৫,৪১২ জনের হামে আক্রান্ত হওয়া নিশ্চিত করেছে এবং ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে বেসরকারি বিভিন্ন সংস্থার হিসেব অনুযায়ী ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিজেদের ওয়েবসাইটে সিডিসি জানিয়েছে, মার্কিনিদের সুরক্ষায় হামের প্রাদুর্ভাব রোধ করতে সিডিসি প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্রকে পুনরায় হাম নির্মূলের অবস্থানে ফিরিয়ে আনতে পরিকল্পনা করছে সংস্থাটি। এ পরিকল্পনার অংশ হিসেবে অঙ্গরাজ্যগুলোকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে এবং জাতীয় পর্যায়ে ধারাবাহিক নেতৃত্ব প্রদান করা হবে।
সিডিসির পরিচালক এরিকা শোয়ার্জ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, “মার্কিনিদের সুরক্ষা কেবল ‘হাম নির্মূল’ তকমা দিয়ে আসে না, বরং টিকাদানের মাধ্যমেই তা নিশ্চিত হয়।”























