শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

reporter

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ


খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় গড়াই নদীতে নৌকায় পারাপারের সময় গুলিবর্ষণে খাইরুল শেখ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ৮টার দিকে ওসমানপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত খাইরুল ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে। স্থানীয় চিহ্নিত রাজন বাহিনীর সন্ত্রাসীরা এ গুলিবর্ষণ করেছে বলে আহতের পরিবার অভিযোগ করেছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওসমানপুর খেয়াঘাট দিয়ে খাইরুলসহ কয়েকজন নৌকায় নদী পার হচ্ছিলেন। এ সময় নৌকার যাত্রীদের চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া অপর একটি নৌকা থেকে অন্ধকারের মধ্যে অতর্কিত গুলি ছোড়া হয়। এতে একটি গুলি খাইরুলের পেটে বিদ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমন জানান, আহতের শরীরে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন।

আহত খাইরুলের বড় ভাই অভিযোগ করেন, নৌকায় পারাপারের সময় সামান্য কথা-কাটাকাটি ও চিৎকারের জের ধরে রাজন ও তার বাহিনীর সদস্যরা গুলি চালায়। ওই বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধ ও চাঁদাবাজি করে আসছে দাবি করে তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।

এ বিষয়ে অভিযুক্ত রাজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নদীতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Link Copied