
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের মরদেহ আসছে বাড়িতে, পরিবারে শোকের মাতম
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৮)। তাঁর মৃত্যুর খবরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।নিহত তিতাস শেখ নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আফজাল হোসেন এর ছেলে।
নিহত তিতাসের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার শুক্রবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তিনি আরও বলেন, তিতাস অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছেলে ছিলেন। মাত্র ৩ বছর আগে তাঁর বিয়ে হয়েছে। নতুন সংসার শুরুর আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ভেঙে পড়েছে। স্বজনেরা এ শোক কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে জিম্মি থাকা প্রায় ১২০ জনকে উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৫টার দিকে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারীরা গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখের বাঁ কাঁধে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আইএসপিআর আরও জানায়, অভিযানে জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।




















