
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ০৯:১৪ অপরাহ্ণ

মাদক, চুরি, ডাকাতি, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে বরিশালের বাকেরগঞ্জ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পাল্টে দিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন। তাঁর দায়িত্বশীল ভূমিকার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও থানাভিত্তিক সুবিধা হারানো একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি আদিল হোসেন বাকেরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। একই সাথে তিনি থানার দীর্ঘদিনের দালাল চক্র, তদবিরবাজি এবং তথাকথিত মামলা বাণিজ্য কঠোর হস্তে বন্ধ করে দেন। ফলে সাধারণ ও প্রান্তিক ভুক্তভোগীরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি থানায় গিয়ে সেবা পাচ্ছেন। পুলিশের নিয়মিত টহল ও সাঁড়াশি অভিযানের ফলে উপজেলাজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
তবে থানা থেকে অনৈতিক সুবিধা না পেয়ে এবং দালালি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় একটি সুবিধাবাদী চক্র ক্ষুব্ধ হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, কয়েকটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ভুঁইফোড় ফেসবুক পেজের মাধ্যমে কিছু নামধারী ব্যক্তি ওসির বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এদিকে অপপ্রচারের বিপরীতে ওসির কর্মকাণ্ডের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল। বাকেরগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও কার্যকর উন্নতি হয়েছে। চোর-ডাকাত ও মাদক কারবারিদের কোনো ছাড় না দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তায় তিনি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
উপজেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ বজায় রাখতে ওসি আদিল হোসেনের নেওয়া ধারাবাহিক অভিযানিক পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বাকেরগঞ্জের সর্বস্তরের মানুষ।




















