শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

reporter

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ


টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবাসহ পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি চৌকস আভিযানিক দল আজ সোমবার রাত আনুমানিক ১টার দিকে টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশার গতিবিধি লক্ষ্য করে কোস্ট গার্ড সদস্যরা তল্লাশির জন্য সংকেত দেন। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও সিএনজি অটোরিকশার বিষয়ে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যুবসমাজকে রক্ষা ও মাদকের ভয়াল বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের মাদকবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Link Copied