
টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি নোহা বক্সি গাড়িও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ওসি সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা এলাকায় অস্থায়ী চেকপোস্টে পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় টেকনাফগামী একটি নোহা গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যান। এদিকে গাড়ির পেছনের দরজা খুলে পালানোর চেষ্টা করেন ভেতরে থাকা চারজন। পরে পুলিশ তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার বেলাল উদ্দিন (৪৮), হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকার মাহাবুবুর রহমান মাহবুব (৩১), খারাংখালী এলাকার মো. রিশাদ (২৪) এবং হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুল্লাহ (২৫)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের ব্যবহৃত নোহা বক্সি গাড়িটি জব্দ করা হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা এবং অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।




















