
ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ

বগুড়ার ধুনটে মশাল মিছিল বের করে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় বাবুল সরকার (৪০) নামে আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাবুল সরকার ওই গ্রামের মৃত ইব্রাহীম সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত আসামি বাবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।




















