বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ধুনটে দ্য হলি কুরআন ইন্ডিপেন্ডেন্ট স্কুলে ১১ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান, দুই হাফেজকে সংবর্ধনা

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ


ধুনটে দ্য হলি কুরআন ইন্ডিপেন্ডেন্ট স্কুলে ১১ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান, দুই হাফেজকে সংবর্ধনা

বগুড়ার ধুনটে দ্য হলি কুরআন ইন্ডিপেন্ডেন্ট স্কুলের ১১ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে হিফজ সম্পন্ন করা দুই শিক্ষার্থীকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ধুনট হাইস্কুল মাঠের দক্ষিণ পাশে অবস্থিত প্রতিষ্ঠানের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রথম সবক গ্রহণ করে। পাশাপাশি নিজেদের অর্জিত জ্ঞান ও শিক্ষার দক্ষতা অভিভাবকদের সামনে তুলে ধরে। এ সময় হামদ, নাত ও বিভিন্ন ইসলামী পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভা প্রদর্শন করে।

সংবর্ধিত দুই হাফেজ হলেন বিশ্বহরিগাছা গ্রামের এমরুল কায়েস খানের ছেলে হাফেজ মিকদাদ মেহমেদ সায়িক এবং জালশুকা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হাফেজ মো. রিশান ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম, কনটেন্ট ক্রিয়েটর তানভীর আহমেদ পারভেজ, জোড়খালী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক রাশিদুল ইসলাম, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হাসান।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আহসান হাবীব বিন কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিরা দুই হাফেজকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা আহসান হাবীব বিন কাশেমী বলেন, ধুনটের মধ্যে প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও মানসম্মত মাদ্রাসায় রূপান্তর করাই তাঁদের লক্ষ্য। এখানে হিফজ শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতসহ সাধারণ শিক্ষারও ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি প্রতিদ্বন্দ্বী মনে করেন না। কাউকে পেছনে ফেলা তাঁর লক্ষ্য নয়; বরং মানসম্মত শিক্ষা ও সুন্দর পরিবেশের মাধ্যমে নিজের প্রতিষ্ঠানকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে চান। প্রতিযোগিতার চেয়ে যোগ্যতা, সততা ও সফলতার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জনই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

Link Copied