
বাঘায় গ্রামীণ ব্যাংকের ভেতরে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:১২ অপরাহ্ণ

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মনিগ্রাম শাখার সীমানা প্রাচীরের ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ব্যাংকের সীমানা প্রাচীরের মধ্যে এসব ককটেলসদৃশ বস্তু দেখতে পান শাখা ব্যবস্থাপক। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গ্রামীণ ব্যাংকের মনিগ্রাম শাখার ব্যবস্থাপক মো. মহসিন রেজা জানান, বৃহস্পতিবার সকালে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে ব্যাংকে প্রবেশ করে সীমানা প্রাচীরের ভেতরে ৫টি ও সীমানা প্রাচীরের বাইরে ১টি মোট ৬টি বিক্ষিপ্তভাবে ককটেলসদৃশ বস্তু দেখতে পান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিউটিরত পুলিশকে জানানো হয়।
তিনি আরও জানান, আগের রাত ১২টা থেকে ব্যাংকের নিরাপত্তায় পুলিশ পাহারায় ছিল। তবে পুলিশের উপস্থিতির মধ্যেও কখন এসব বস্তু ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতরে নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল জানান, রাত ১২টা থেকে আমরা এখানে দায়িত্ব পালন করছিলাম। দায়িত্বে থাকলেও কখন বা কীভাবে এসব বস্তু ব্যাংকের সীমানা চত্বরের ভেতরে নিক্ষেপ করা হয়েছে এটি আমাদের জানা নেই।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঘা থানার তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মণ্ডল। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সাধারণ মানুষকে ব্যাংকের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে, ব্যাংকের ভেতরে পুলিশ পাহারার মধ্যেও ছয়টি ককটেলসদৃশ বস্তু পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখেছে, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে।
পুলিশ জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের মাধ্যমে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।




















