
লকডাউনে স্থবির শহর, সড়কে অবরোধ ও বৃষ্টি
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে শহরের দোকানপাট ও বিপণিবিতানগুলোও বন্ধ দেখা গেছে। এতে শহরজুড়ে এক ধরনের সুনসান পরিবেশ বিরাজ করছে।
সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কয়েকজন কিশোর সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে। তবে শহরের সাধারণ সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। অন্যদিকে, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।
এদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে সকাল থেকেই শহরজুড়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল আরও সীমিত হয়ে পড়েছে।
অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়ক এবং পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন অবরোধকারীরা। গতকাল রাত থেকেই এসব সড়কে অবরোধ অব্যাহত রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহর কিংবা আশপাশের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




















