বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

অন্তঃসত্ত্বা দুই নারীকে মারধরের মামলার পর পাল্টা মামলায় গ্রেপ্তার ভুক্তভোগী পরিবারের ২ সদস্য

reporter

সফি সুমন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ


অন্তঃসত্ত্বা দুই নারীকে মারধরের মামলার পর পাল্টা মামলায় গ্রেপ্তার ভুক্তভোগী পরিবারের ২ সদস্য

ঢাকার আশুলিয়ায় সালিশি বৈঠকের কথা বলে ডেকে নিয়ে দুই অন্তঃসত্ত্বা নারীর তলপেটে লাথি ও মারধরের অভিযোগের ঘটনায় দীর্ঘ ১৬ দিন পর মামলা গ্রহণ করে পুলিশ। তবে ওই মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পাল্টা মামলায় ভুক্তভোগী পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুবেল হোসেন ও তানজিলা। রুবেল ভুক্তভোগী দুই অন্তঃসত্ত্বা নারীর ছোট ভাই এবং তানজিলা অন্তঃসত্ত্বা রিনা খাতুনের মেয়ে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ আরইবি রোড এলাকায় দুই প্রতিবেশীর বিরোধ মীমাংসার কথা বলে সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা রিনা খাতুন ও তার আট মাসের অন্তঃসত্ত্বা বোন এলিনা পারভীনকে ডেকে নেওয়া হয়। সেখানে স্থানীয় শহিদুল ইসলাম লেবু, মো. শরীফসহ তাদের সহযোগীরা দুই নারীর তলপেটে সজোরে লাথি মারেন বলে অভিযোগ উঠেছে। এতে তাদের রক্তক্ষরণ শুরু হয়। এ সময় পরিবারের আরও তিন সদস্য মারধরের শিকার হন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভুক্তভোগীদের ভাই মো. রুবেল হোসেন বাদী হয়ে গত ২ নভেম্বর আশুলিয়া থানায় লিখিত এজাহার জমা দেন। পরিবারের দাবি, চিকিৎসকের আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদন ও শারীরিক আঘাতের প্রমাণ থাকার পরও দীর্ঘ ১৬ দিন মামলাটি নথিভুক্ত করতে কালক্ষেপণ করে পুলিশ। পরে ১৬ নভেম্বর ঘটনাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

এদিকে ভুক্তভোগীদের দায়ের করা মামলা নথিভুক্ত হওয়ার পর দেলোয়ার হোসেন (৩৭) নামের এক ব্যক্তি বাদী হয়ে তাদের পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন। অভিযোগ রয়েছে, প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থলের বাস্তবতা যাচাই ছাড়াই গত ১৬ নভেম্বর দেলোয়ারের অভিযোগটি নিয়মিত মামলা (মামলা নং-৪০) হিসেবে নথিভুক্ত করে আশুলিয়া থানা পুলিশ। এ মামলাতেই পরে ভুক্তভোগী পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পাল্টা মামলার বাদী দেলোয়ার হোসেনও ঘটনার দিন হামলায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তাদের দাবি, হামলার সময় দেলোয়ার নিজের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করছিলেন। একপর্যায়ে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে তিনি আহত হন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী এলিনা আক্তার বলেন, ‘চারপাশে তখন কেবল প্রভাবশালীদের লোকজন ছিল। আমাদের ঘরে আটকে রেখে পেটে লাথি মেরে রক্তক্ষরণ ঘটানো হচ্ছিল। আমরা নিজেরাই রক্তাক্ত অবস্থায় বাঁচার চেষ্টা করছিলাম। গুরুতর অসুস্থ আমাদের উদ্ধারের চেষ্টা চলছিল। এমন পরিস্থিতিতে অন্য কাউকে পাল্টা মারধরের প্রশ্নই আসে না। প্রভাবশালীদের রক্ষা করা এবং আমাদের কোণঠাসা করতেই সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই নাটক সাজানো হয়েছে।’

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘এক পক্ষের দুই অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অন্য পক্ষের একজন আহত হওয়ার অভিযোগেও মামলা হয়েছে। দুটি মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সফি সুমন / এমএসএম

Link Copied