
শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে সড়কে অবস্থান, যান চলাচল বন্ধ
বৃষ্টিতে ভিজেও রাজপথ ছাড়েননি টুঙ্গিপাড়ার বিক্ষোভকারীরা
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধসহ বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীদের মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন বলে জানা গেছে।
সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল বের হতে থাকে। এসব মিছিলে সাত বছর বয়সী শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সী বৃদ্ধদেরও অংশ নিতে দেখা যায়। বিক্ষোভকারীরা লগি-বৈঠা, ঝাড়ু ও বিভিন্ন দেশীয় সরঞ্জাম হাতে নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ড, সিঙ্গিপাড়া মোড়, চৌরঙ্গী ও পাটগাতী বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জড়ো হন।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের মুখে শোনা যায়, ‘জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’ পাশাপাশি মাইকে ৭ মার্চের ভাষণ বাজিয়ে সড়কে অবস্থান নেন তাঁরা। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়।
সকাল থেকে টানা বৃষ্টি হলেও বিক্ষোভকারীরা রাজপথ ছাড়েননি। বেলা ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল।
১৭ নভেম্বর থেকে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গত ১৭ নভেম্বর সন্ধ্যা থেকেই টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অবরোধের কারণে টুঙ্গিপাড়ার সঙ্গে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে অবরোধ অব্যাহত ছিল। সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গুরুত্বপূর্ণ সড়ক ও বিক্ষোভস্থলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও উপস্থিতি চোখে পড়েনি।
বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির কারণে বৃহস্পতিবার সকাল থেকেই টুঙ্গিপাড়ার জনজীবনে স্থবিরতা নেমে আসে। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সী মানুষের রাজপথে অবস্থান এবং একের পর এক মিছিলের ঘটনায় উপজেলাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।






















