
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি ও ভারতীয় মদ উদ্ধার
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৯৫ লাখ ১৫ হাজার টাকা মূল্যের মূল্যবান কষ্টিপাথরের মূর্তি ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৯৪ দশমিক ২৫০ কেজি ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ এবং ৬০ বোতল ভারতীয় মদ।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে মালিকবিহীন অবস্থায় ৯৪ দশমিক ২৫০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
এদিকে, ১৮ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মাদপুর মাঠে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।
একই দিন রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেঁতুলবাড়ি মাঠপাড়া মাঠে পৃথক অভিযান চালিয়ে আরও ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। এসব মদের আনুমানিক মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, তিনটি অভিযানে উদ্ধার করা মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৯৫ লাখ ১৫ হাজার টাকা।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ বন্ধ এবং দেশের মূল্যবান সম্পদ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। গোয়েন্দা নজরদারি জোরদার করে সীমান্ত অপরাধ দমনে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।























