বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ফরিদপুর ও রাজবাড়ীতে ড্যাবের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ও মতবিনিময় সভা

reporter

কাজী জাকির হোসেন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ


ফরিদপুর ও রাজবাড়ীতে ড্যাবের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ও মতবিনিময় সভা

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফরিদপুরে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এবং রাজবাড়ীতে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ড্যাবের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (১৫ নভেম্বর ২০২৬) ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা ড্যাবের উদ্যোগে ফরিদপুর মুসলিম মিশন ক্যাম্পাসে ‘আসুন, ডেঙ্গুকে না বলি—সুস্থ, সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি ডা. মো. শফিউল্লাহ বিনু ও ডা. আর এম সামিউল হাসান (বাবু)। এ ছাড়া ফরিদপুর জেলা ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা. মোজাফফিজুর রহমান শামীম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আসিফুল রহমান সাকেত, সহসাংগঠনিক সম্পাদক ডা. লাবিব রহমান, ডা. মাহমুদুল আমিন শাকিল ও ডা. তানভীর যুবায়ের নাদিমসহ জেলা ও মেডিকেল কলেজ শাখার চিকিৎসক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. মেহেদী হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসেবার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, একই দিন সকাল ৯টায় রাজবাড়ী জেলা ড্যাবের নেতৃবৃন্দের অংশগ্রহণে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ডা. মো. মেহেদী হাসান বলেন, চিকিৎসকদের পেশাগত অধিকার রক্ষা, সেবার মানোন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে ড্যাবের ভূমিকা জোরদার করতে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সহসভাপতি ডা. মো. শফিউল্লাহ বিনু ও ডা. আর এম সামিউল হাসান (বাবু) বক্তব্য দেন এবং রাজবাড়ী জেলা ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

Link Copied