
ধুনটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ

বগুড়ার ধুনটে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরিষা, মসুর ও চিনাবাদাম চাষে কৃষকদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ উল্লাহ নিজামী। উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আক্তার আলম সেলিম এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুখফিজুর রহমান বাচ্চু।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি ছানোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা শাহাদত হোসেন মিলু, উপজেলা যুবদল নেতা মিঠু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সাংবাদিক রফিকুল আলম ও মাসুদ রানাসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে রবি মৌসুমে সরিষা, মসুর ও চিনাবাদামের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সরিষা, মসুর ও চিনাবাদামের বীজ এবং প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়।




















