
মোটরযান চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ

রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব সরঞ্জাম আগামী ১ ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কিছু যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে।
এতে নগরবাসীর দুর্ভোগের পাশাপাশি স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে।
ডিএমপি জানায়, বিকট শব্দ শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
তাই নির্ধারিত সময়ের মধ্যে এসব সরঞ্জাম অপসারণ করতে যানবাহনের মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। ১ ডিসেম্বরের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে বা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





















