বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়নের তাগিদ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ


জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়নের তাগিদ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে বৈশ্বিক কার্বন বাজারে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং সবুজ বিনিয়োগ বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তিনি।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠান দুটির মধ্যে ছিল ‘টেকিং দ্য ডেল্টা: ব্রিজিং দ্য ক্লাইমেট-অ্যাডভান্সিং বাংলাদেশ’স কার্বন ক্রেডিট মার্কেট: অপরচুনিটিজ, ইন্টেগ্রিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক আয়োজন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক একটি বক্তব্য উদ্ধৃত করে ফরহাদ হোসেন আজাদ বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অতিরিক্ত ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন। জলবায়ুর প্রভাব মোকাবিলায় মানুষ ও প্রকৃতি রক্ষায় ঋণের ভারী বোঝার পরিবর্তে অনুদানভিত্তিক তহবিল দরকার।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শুধু জলবায়ু ঝুঁকির কথা তুলে ধরছে না; বরং সবুজ বিনিয়োগ, উদ্ভাবন ও উচ্চমানের কার্বন অর্থায়নের মাধ্যমে টেকসই ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় ‘বাংলাদেশ কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ ও ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি’ গঠনের মাধ্যমে নিরাপদ ও স্বচ্ছ কার্বন বাণিজ্যের জন্য দেশ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কার্বন বাজারের সম্পর্ক তুলে ধরে তিনি তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন এবং ব-দ্বীপ সুরক্ষার মাধ্যমে ব্লু কার্বন সংরক্ষণ।

এ ছাড়া কৃষিতে সৌরচালিত সেচ পাম্প ও অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০-এর আওতায় প্রকৃতিনির্ভর সমাধানের মাধ্যমে বন্যা সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তব্যের শেষে বৈশ্বিক সবুজ রূপান্তরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হতে দ্বিপক্ষীয় সহযোগী, বহুপক্ষীয় সংস্থা ও বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী।

aliul / aliul

Link Copied