বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

reporter

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ


শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাটে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বেত্রাঘাতে সুমাইয়া আক্তার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ডান হাত গুরুতর জখম হয়ে অকেজো হয়ে পড়ার অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার টিঅ্যান্ডটি মোড় এলাকায় অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ছাইদুর রহমান। পরে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও ভুক্তভোগী পরিবারের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর বাবা ছাইদুর রহমান অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষিকা সেলিনা আখতার ক্লাসে শিক্ষার্থীদের প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন। তাঁর স্টিলের স্কেল ও বেতের আঘাতে তাঁর মেয়ে সুমাইয়ার ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে হাতটি ফুলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। গত পাঁচ মাস ধরে সুমাইয়া হাতে কোনো কিছু ধরতে বা লিখতে পারছে না; এমনকি খাবার খাওয়া ও পোশাক পরার মতো দৈনন্দিন কাজও করতে পারছে না। বর্তমানে অর্থোপেডিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও হাতটি পুরোপুরি স্বাভাবিক হওয়া নিয়ে দীর্ঘসূত্রতার শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এ ঘটনার প্রায় দুই মাস পর গত ১৬ সেপ্টেম্বর ওই শিক্ষিকা আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের টেবিলের নিচে মাথা ঢুকিয়ে বেত্রাঘাত করেন। এতে সানজিদা নামের অপর এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওই দিনই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হলে সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল সরেজমিনে তদন্ত করে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেন। তবে দুই মাস অতিবাহিত হলেও অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলন শেষে টিঅ্যান্ডটি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন অত্যন্ত উদ্বেগজনক ও আইনত দণ্ডনীয়। একটি শিশুর স্বাভাবিক জীবন ও শিক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও প্রশাসনের নীরবতা মেনে নেওয়া যায় না। তাঁরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত শাস্তির দাবি জানান।

অভিযোগ প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে সহকারী শিক্ষিকা সেলিনা আখতার বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি এই স্কুলে ২০ বছর ধরে আছি, এতদিনেও কেউ কোনো অভিযোগ করেনি। এখন কেন করা হচ্ছে, তা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না।’


Link Copied