
ঘোড়াঘাটে ৬০ লাখ টাকা লেনদেন ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি কেনাবেচা ও ৬০ লাখ টাকার আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে দায়ের করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার ওসমানপুর ছয়ঘটি এলাকার নিজ বাড়ি থেকে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে এক অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ওই এলাকার ইউনুস আলীর ছেলে।
মামলার বাদী রিফাত কবির চৌধুরী উপজেলার কাশিয়াতলা শীতল গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাটের সাগরপুর মৌজায় ৫৭ শতক জমি ক্রয়ের জন্য উজ্জ্বল মিয়া ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্য নির্ধারণ করেন। এর মধ্যে ১০ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করে বাকি ১২ লাখ টাকা বকেয়া রাখা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আরও ৪৮ লাখ টাকা লেনদেন করা হয়। সব মিলিয়ে মোট ৬০ লাখ টাকা পাওনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উজ্জ্বল মিয়া স্বীকার করেন। সে সময় তিনি তাৎক্ষণিকভাবে ৭ লাখ টাকা পরিশোধ করে অবশিষ্ট ৫৩ লাখ টাকা দ্রুত পরিশোধের অঙ্গীকার করেন এবং এ সংক্রান্ত ৯টি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা সম্পাদন করে দেন।
বাদীর অভিযোগ, অঙ্গীকার পূরণের পরিবর্তে উল্টো উজ্জ্বল মিয়া তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে একপর্যায়ে ৫ লাখ টাকা জোরপূর্বক আদায় করা হয়। এ ছাড়া বাদীর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে ৩ নভেম্বর ২০২৬ তারিখে থানায় সংশ্লিষ্ট ধারায় ১ নম্বর নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




















