বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

গোপালগঞ্জে যুব দিবস পালিত, ঋণের চেক ও সনদ বিতরণ

reporter

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ণ


গোপালগঞ্জে যুব দিবস পালিত, ঋণের চেক ও সনদ বিতরণ

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। সভাপতির পরিচয়ের পর স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জের উপপরিচালক মো. শাহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজিদুর হক এবং গোপালগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. রেজাউল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব নিরসন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ সহায়তা বাড়ানো প্রয়োজন।

তাঁরা বলেন, চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানের শেষপর্বে যুবকদের হাতে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং স্বাবলম্বী হওয়ার পথ আরও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।


Link Copied