
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নগরের পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।
মামলা নথিভুক্ত হওয়ার পর রাতেই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়েছিল। রোববার কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।
এদিকে এসপি জাহাঙ্গীর আলমের স্ত্রী মনিরা দাবি করেছেন, তাঁর স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘আমার স্বামীর মোবাইল ফোন হ্যাক হয়েছিল। কে বা কারা তাঁর ফোন হ্যাক করে কাকে কী বার্তা পাঠিয়েছে, তা আমাদের জানা নেই।’




















