মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

reporter

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ

১৫৭Views

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকারের সিলেটের রাতারগুলে কথিত গোপন বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করলেন, কারা তাকে আশ্রয় ও সহযোগিতা করেছেন এবং বৈঠকে কারা অংশ নিয়েছিলেন—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা।
সিলেটের রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার রিসোর্টে’ ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। বৈঠকে অংশ নেওয়া প্রায় ৬০ জনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, রঞ্জিত সরকার ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন লামাপুঞ্জি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন বলে সন্দেহ করা হচ্ছে। পরে পূর্বনির্ধারিত স্থানে বৈঠকে অংশ নিয়ে জৈন্তাপুর এলাকা হয়ে আবার ভারতে চলে যান বলে অভিযোগ রয়েছে। তবে তার দেশে প্রবেশ ও বের হওয়ার প্রকৃত পথ এবং সহযোগীদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে শিক্ষা সফর বা পিকনিকের কথা বলে প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে চারটি বাসে করে রাতারগুলে নেওয়া হয়। সেখানে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একপর্যায়ে শিক্ষা সফরের ব্যানার সরিয়ে রাজনৈতিক ব্যানার টানানো হয় বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি।
এ সময় একটি গাড়িতে করে রঞ্জিত সরকারসহ কয়েকজন সেখানে উপস্থিত হন। তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।
গত ৯ নভেম্বর রঞ্জিত সরকারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই সভার একটি ভিডিও প্রকাশের পর বিষয়টি সামনে আসে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে ঘটনাটি। পরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানা পুলিশের নেতৃত্বে সংশ্লিষ্ট রিসোর্টে তল্লাশি চালানো হয়। পরবর্তী সময়ে রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং প্রধান ফটকে তালা লাগানোর কথা জানা গেছে।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানা গেছে। মামলায় রঞ্জিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বৈঠকের আয়োজক, সহযোগী এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ
একজন সাবেক সংসদ সদস্য কীভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করে একটি রাজনৈতিক সভায় অংশ নিয়ে আবার সীমান্ত পেরিয়ে চলে গেলেন—এমন প্রশ্ন সামনে এসেছে। সীমান্ত নজরদারি, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের পরিচয় নিশ্চিত করা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।


Link Copied